
বর্তমান সর্দার বহাল থাকতেই নতুন নির্বাচনের উদ্যোগ, মুখোমুখি অবস্থানে দুই পক্ষ; সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।
লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী দক্ষিণপাড়ায় সমাজের সর্দার নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমান সর্দার দায়িত্বে থাকা অবস্থায় নতুন সর্দার নির্বাচনের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে এলাকায় মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা বা সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রচলিত সামাজিক রীতি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের জন্য কনকশ্রী দক্ষিণপাড়া সমাজের সর্দার নির্বাচিত হয়ে আসছেন। বর্তমানে সমাজের সর্দার হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব হারুন অর রশিদ (হিরু মিয়া)। তবে তাঁর দায়িত্ব চলমান থাকা অবস্থায়ই এলাকার একটি পক্ষ নতুন সর্দার নির্বাচনের উদ্যোগ নিয়েছে। আগামী ২৭ নভেম্বর ২০২৬ তারিখে এ নির্বাচন আয়োজনের দিন নির্ধারণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে বর্তমান সর্দার আলহাজ্ব হারুন অর রশিদ (হিরু মিয়া) ও তাঁর অনুসারীরা নতুন সর্দার নির্বাচনের এ উদ্যোগের বিরোধিতা করছেন। তাঁদের দাবি, প্রচলিত সামাজিক রীতি ও নিয়ম অনুসরণ না করে বর্তমান সর্দারের দায়িত্ব চলমান থাকা অবস্থায় নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, নতুন সর্দার নির্বাচনের উদ্যোগ নেওয়া পক্ষের দাবি, সমাজের বৃহত্তর স্বার্থে নতুন নেতৃত্ব নির্বাচন প্রয়োজন হয়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ক্রমেই বাড়ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে একাধিক বৈঠক, আলোচনা ও বাগবিতণ্ডা হয়েছে। বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং মিছিলের ঘটনাও ঘটেছে। এতে সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, দীর্ঘদিনের সামাজিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও তাঁরা মনে করছেন।
এ অবস্থায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বিবেচনায় কনকশ্রী দক্ষিণপাড়ায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির মাধ্যমে সাময়িকভাবে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছেন তাঁরা।
এলাকার সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি এবং লালমাই থানা ও উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ নাছির আহাম্মেদ কতৃক প্রকাশিত, বার্তা সম্পাদক:- সজিব মাহমুদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328, 01642167921 ( WhatsApp)
www.ajker-lalmai.com