কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত এলাকায় ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয়তার নিরিখে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সংশ্লিষ্ট নথিপত্র থেকে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন করেন। আবেদনে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নে নতুন একটি ইপিজেড স্থাপনের প্রস্তাব তুলে ধরেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে সংসদ সদস্যের আবেদনের বিষয়টি উল্লেখ করে প্রস্তাবিত এলাকায় ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয়তা বিবেচনায় পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদ সদস্য তাঁর আবেদনে ভূলইন উত্তর ইউনিয়নে ইপিজেড স্থাপনের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত এলাকার যোগাযোগব্যবস্থা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নিকটবর্তী অবস্থান, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও রেলপথের সঙ্গে যোগাযোগ সুবিধা এবং শিল্পকারখানার জন্য প্রয়োজনীয় শ্রমশক্তির সহজলভ্যতা।
আবেদনে উল্লেখ করা হয়, প্রস্তাবিত এলাকায় ইপিজেড স্থাপন করা হলে লালমাই, নাঙ্গলকোটসহ আশপাশের এলাকার বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিল্পকারখানা গড়ে উঠলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হবে।
এ ছাড়া প্রস্তাবিত এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও গ্যাস সরবরাহের অবকাঠামো বিদ্যমান থাকায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে প্রয়োজনীয় ইউটিলিটি সংযোগ প্রদান তুলনামূলক সহজ হবে বলেও আবেদনে উল্লেখ করেছেন সংসদ সদস্য।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্ভাব্যতা যাচাই ও অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশনাকে লালমাইয়ে শিল্পায়নের সম্ভাবনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো ইপিজেড স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে প্রস্তাবটির বাস্তবায়ন।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে লালমাই উপজেলায় নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে। এতে বেকারত্ব নিরসনের পাশাপাশি স্থানীয় তরুণদের কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
আরো পড়ুনঃ