আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী শিক্ষা বোর্ডের সেই চেয়ারম্যানকে কলেজের সভাপতি করতে এমপির সুপারিশ!

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি ও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রশ্ন যুবদল নেতা মাকসুদের; অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে জামাল নাছেরের নাম প্রস্তাব

লালমাই প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি, আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ এবং ওই সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ছবি ও তথ্য সামনে এনে অধ্যাপক মো. জামাল নাছেরকে নিয়ে প্রশ্ন তুলেছেন যুবদল নেতা মাকসুদুর রহমান মাকসুদ। তাঁর প্রশ্নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে কুমিল্লার লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে জামাল নাছেরের নাম প্রস্তাব করে সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার দেওয়া সুপারিশপত্র প্রকাশের পর।

মাকসুদুর রহমান মাকসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, তিনি কেবল জানার আগ্রহ থেকেই বিষয়টি সামনে এনেছেন। তাঁর প্রশ্ন, সংসদ সদস্য যে ব্যক্তির জন্য সুপারিশ করেছেন, সেই ব্যক্তি আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবিতে থাকা ব্যক্তি একই কি না? পাশাপাশি সুপারিশপত্রের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রাপ্ত নথি অনুযায়ী, সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর একটি সুপারিশপত্র পাঠিয়েছেন। চিঠির বিষয় হিসেবে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের কথা উল্লেখ রয়েছে।

চিঠিতে সভাপতি হিসেবে অধ্যাপক মো. জামাল নাছেরের নাম প্রস্তাব করা হয়েছে। সেখানে তাঁর পিতার নাম উল্লেখ রয়েছে মো. তাজুল ইসলাম। সংসদ সদস্যের স্বাক্ষর ও পরিচয়সংবলিত প্যাডে দেওয়া সুপারিশপত্রটি আসল।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচিত ছবিতে থাকা ব্যক্তিও অধ্যাপক মো. জামাল নাছের। ছবিতে শেখ হাসিনাকে সবুজ চেকের ব্লেজার পরিহিত জামাল নাছেরের হাতে একটি স্মারক বা ফোল্ডার তুলে দিতে দেখা যায়। ফলে ছবির ব্যক্তি ও সুপারিশপত্রে উল্লেখিত ব্যক্তির পরিচয় একই।

জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর অধ্যাপক মো. জামাল নাছেরকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। নিয়োগের আগে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লালমাই উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা এবং ভাষাসৈনিক মো. তাজুল ইসলামের ছেলে।

মাকসুদুর রহমান মাকসুদের প্রশ্নের মূল জায়গা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি এবং ওই সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ডে জামাল নাছেরের উপস্থিতি ও সংশ্লিষ্টতার বিষয়গুলো সামনে থাকার পরও তাঁকে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব করার যৌক্তিকতা কী?

তবে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি পদে নিয়োগ পাওয়া এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি থাকাই কোনো ব্যক্তির দলীয় রাজনৈতিক পদ বা সদস্যপদের প্রমাণ নয়। এ বিষয়ে মাকসুদুর রহমান মাকসুদের উত্থাপিত প্রশ্ন এবং সংশ্লিষ্ট ছবিগুলোর রাজনৈতিক প্রেক্ষাপটই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এ বিষয়ে সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এবং প্রস্তাবিত সভাপতি অধ্যাপক মো. জামাল নাছেরের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০